ঢাকার বাড্ডায় আয়োজন করা হলো ড. গোলাম মহিউদ্দিন স্মৃতি সাংস্কৃতিক উৎসব-২০২৬ এর প্রতিযোগিতা পর্ব। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিটে বাড্ডা হাই স্কুলে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই ড. গোলাম মহিউদ্দিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও উৎসব কমিটির আহ্বায়ক অধ্যাপক এ. এন. রাশেদা। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন সদস্য সচিব শান্তনু কুমার দাস।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসব পরিচালনা কমিটির সদস্যরা, বিচারকমণ্ডলীর সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকরা। আয়োজকদের মতে, এবারের উৎসবটি আগের বছরের তুলনায় আরও বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৪০টিরও বেশি স্কুল ও কলেজের প্রায় ৮০০ শিক্ষার্থী। দিনব্যাপী আয়োজনে চিত্রাঙ্কন, আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, একক নাটক, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা ও রচনা লিখনসহ নানা বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পরিবেশ ছিল প্রাণবন্ত।
আয়োজকরা জানান, এই উৎসবের মূল লক্ষ্য তরুণদের সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করা এবং সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা।
উল্লেখ্য, প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২৪ এপ্রিল বিকেল ৩টায় বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।