হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক কৃষি শিক্ষা ও পুষ্টি সচেতনতা বাড়াতে নতুন উদ্যোগ জোরদার করা হয়েছে। জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা (FAO) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) যৌথভাবে “ম্যাকগভার্ন–ডোল স্কুল ফিডিং কর্মসূচি”-এর আওতায় একটি গুরুত্বপূর্ণ কর্মশালা আয়োজন করে।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই কর্মশালায় “লিটল এগ্রিকালচারিস্ট ক্লাব (LAC) ট্রেনিং ম্যানুয়াল” যাচাই ও পর্যালোচনা করা হয়। এর লক্ষ্য ছিল স্কুলভিত্তিক সবজি বাগান কার্যক্রমকে আরও কার্যকরভাবে বাস্তবায়নের পথ তৈরি করা।
লিটল এগ্রিকালচারিস্ট ক্লাব (LAC) মূলত একটি স্কুলভিত্তিক উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি বাগান পরিচর্যা করে কৃষিকাজ শিখতে পারে। পাশাপাশি তারা পুষ্টি, পরিবেশ এবং টেকসই খাদ্য ব্যবস্থার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে সহায়তা করবে এবং ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা বিষয়ে সচেতন প্রজন্ম তৈরি করবে।
কর্মশালায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন সরকারি ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এর মধ্যে ছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE), প্রাণিসম্পদ অধিদপ্তর (DLS), CNRS, রুম টু রিড, বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) এবং FAO।
অংশগ্রহণকারীরা ম্যানুয়ালটি নিয়ে মতামত দেন এবং মাঠপর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন।
কর্মশালার মাধ্যমে “লিটল এগ্রিকালচারাল ক্লাব (LAC) ম্যানুয়াল” সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে যাচাই করা হয়। একই সঙ্গে বিদ্যালয় পর্যায়ে এটি কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক জ্ঞান নয়, বাস্তব জীবনের দক্ষতাও বাড়বে। এর ফলে কৃষি, পুষ্টি এবং পরিবেশ—এই তিন ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।