লিবিয়ায় বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ ১২ই এপ্রিল  মিসরাতা ফ্রি জোন পরিদর্শন করেছেন। এই সফরকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত ফ্রি জোনের মহাপরিচালক প্রকৌশলী আয়মান আল-দারবিশের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জোনের বিপণন ও আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক প্রকৌশলী আলাউদ্দিন বাবা এবং বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে ফ্রি জোন কর্তৃপক্ষ তাদের অবকাঠামো, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরে। তারা জানান, আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করতে এবং বৈশ্বিক বাজারের সঙ্গে সংযোগ বাড়াতে জোনটি কাজ করে যাচ্ছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে অংশীদারিত্ব বাড়ানোর বিষয়েও তারা গুরুত্ব দিচ্ছে।

রাষ্ট্রদূত হাবীব উল্লাহ বলেন, লিবিয়া ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক কূটনীতি জোরদারে দূতাবাস সক্রিয়ভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, ফ্রি জোনের বিভিন্ন খাতে—বিশেষ করে লজিস্টিক, শিল্প ও সেবা খাতে—বাংলাদেশের দক্ষ জনশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

বিশেষ করে তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের অভিজ্ঞতার কথা তুলে ধরে রাষ্ট্রদূত জানান, এই খাতে যৌথ উদ্যোগের বড় সম্ভাবনা রয়েছে। এতে দুই দেশেরই অর্থনৈতিক লাভ হতে পারে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

এ সময় তিনি ফ্রি জোন কর্তৃপক্ষকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যাতে তারা সরাসরি সম্ভাবনাগুলো পর্যালোচনা করতে পারে।

দূতাবাসের মতে, এই বৈঠক ভবিষ্যতে লিবিয়া ও বাংলাদেশের মধ্যে শিল্প, বিনিয়োগ এবং জনশক্তি রপ্তানির নতুন পথ খুলে দিতে পারে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়লে তা প্রবাসী কর্মীদের জন্যও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *