দুর্নীতিবাজদের মনোনয়ন না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের

জাতীয় নির্বাচনে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মনোনয়ন না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে দুদকের সম্মেলনকক্ষে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক) আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রতিটি অপরাধ ও দুর্নীতির সঙ্গে রাজনীতির যোগসূত্র রয়েছে। শীর্ষ পর্যায়ে দুর্নীতি রেখে সামগ্রিকভাবে দেশকে ভালো করা সম্ভব নয়। আমরা চাই, জাতীয় নির্বাচনে সৎ ও নীতিবান মানুষ প্রার্থী হোক।”

দুদক চেয়ারম্যান আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে বহু প্রভাবশালী ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে দেশকে প্রায় সর্বস্বান্ত করে ফেলার চেষ্টা করেছিলেন। এসব দুর্নীতির ঘটনা তদন্তে দুদক ভয়ভীতিহীনভাবে কাজ করছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যসহ পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে এবং বিভিন্ন আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও পাচার হওয়া অর্থ দেশে ফেরানো কঠিন, তবুও দুদক ও সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলসভাবে এ নিয়ে কাজ করছে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম, মহাপরিচালক আবদুল্লাহ-আল-জাহিদ এবং আবু হেনা মোস্তফা জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *