এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মানার আহ্বান এনসিপির

 

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি দ্রুত মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি অভিযোগ করেছে, দীর্ঘদিন ধরে চলমান শিক্ষকদের যৌক্তিক আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, সরকারের অবহেলা ও কালক্ষেপণের কারণে শিক্ষকরা বারবার ক্লাসরুম ছেড়ে আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন, যা দেশের শিক্ষা ব্যবস্থার জন্য কোনোভাবেই কল্যাণকর নয়। দলটি আরও অভিযোগ করে, শিক্ষকরা দাবি জানাতে রাস্তায় নামলে তাদের ওপর পুলিশের হামলা হয়েছে—এমন ঘটনার তীব্র নিন্দা জানায় এনসিপি।

গত ১২ অক্টোবর ২০২৫ তারিখে এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং বক্তব্য দেন।

দলটি জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শিক্ষকদের পাশে থাকবে। এনসিপি মনে করে, স্বাধীনতার পর থেকে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস ও শিক্ষকদের অবমাননার যে রাষ্ট্রীয় প্রক্রিয়া চালু রয়েছে, সেটি ভেঙে নতুন শিক্ষা কাঠামো গড়ে তোলা জরুরি।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তার “নতুন বাংলাদেশের ইশতেহার”-এ শিক্ষাব্যবস্থা পুনর্গঠন ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র, মর্যাদাপূর্ণ বেতন কাঠামো তৈরির অঙ্গীকার করেছেন।

এনসিপি আশা প্রকাশ করেছে, ভবিষ্যতের বাংলাদেশে শিক্ষা ও শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠায় সকল শিক্ষককে সঙ্গে নিয়ে তারা কাজ করে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *