মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, আর্টিলারি রেজিমেন্ট ও আর্মি এয়ার ডিফেন্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে রাজশাহী ও চট্টগ্রামে। রাজশাহীর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি) এবং চট্টগ্রামের হালিশহরস্থ আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে (এসিএন্ডএস) আয়োজিত এই অনুষ্ঠানে নবীন সৈনিকরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন।
রাজশাহীতে অনুষ্ঠিত কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি। অন্যদিকে চট্টগ্রামে অনুষ্ঠিত আর্টিলারি ও আর্মি এয়ার ডিফেন্স কোরের কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া।
প্রধান অতিথিগণ নবীন সৈনিকদের উদ্দেশে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের গৌরব, শৃঙ্খলা ও ত্যাগের প্রতীক। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়িয়ে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তারা। পাশাপাশি দেশমাতৃকার সেবায় নিজেদের আত্মনিয়োগের জন্য নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও, অন্যান্য পদবীর সৈনিক, অতিথিবৃন্দ, নবীন সৈনিকদের পরিবার ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত থেকে চমৎকার কুচকাওয়াজ উপভোগ করেন।
চৌকষ পদচারণা, নিখুঁত কুচ ও সুশৃঙ্খল উপস্থিতির মাধ্যমে নবীন সৈনিকরা তাদের প্রশিক্ষণের সাফল্যের প্রমাণ রাখেন। আজকের এই কুচকাওয়াজের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হয়ে জাতির সেবায় আত্মনিয়োগের অঙ্গীকার করেন।