বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান মঙ্গলবার (১৪ অক্টোবর) জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলটি কমপক্ষে পাঁচ শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দিতে পারে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানো সম্ভব হবে। এতে রাজনীতিতে নারীরা আরও সক্রিয় ও শক্তিশালী ভূমিকা পালন করতে পারবেন।
খুলনা প্রেস ক্লাবে বিএনপির নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সেলিমা রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে নারীর শিক্ষা ও পেশাগত অগ্রগতি শুরু হয়েছিল। এখন তারেক রহমানের নেতৃত্বে, নারী জাগরণের একটি নতুন ঢেউ সৃষ্টি হবে।
ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী জানান, বিএনপি যোগ্য নারী প্রার্থীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ এবং তারা জনগণের ভোটে নির্বাচিত হবেন বলে দল বিশ্বাস করে।
কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তি ছাড়া জাতীয় উন্নয়ন অসম্ভব। খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি নারীদের জন্য নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করবে।
এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুণ্ড, শফিকুল আলম মনা, এম এ সালাম, রহমত উল্লাহ পলাশ, মনিরুজ্জামান মন্টু ও শফিকুল আলম তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।