নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদে ২০২৫–২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের অংশগ্রহণে আয়োজিত এই অধিবেশনে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বিশেষ বরাদ্দসহ একটি স্থানীয় অভিযোজন পরিকল্পনা গৃহীত হয়েছে।
১৪ অক্টোবর, মঙ্গলবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান জিয়া। চলতি অর্থবছরের (২০২৪–২৫) ৫ কোটি ১ লাখ ৯৬ হাজার ২০০ টাকার বাজেট এবং আসন্ন অর্থবছরের (২০২৫–২৬) প্রস্তাবিত ৫ কোটি ৬৮ লাখ ১২ হাজার ২০০ টাকার বাজেট উন্মোচন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া সোহেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া আফসার সায়মা। তিনি বলেন, “উন্মুক্ত বাজেট জনগণের অংশগ্রহণমূলক উন্নয়নের এক উজ্জ্বল উদাহরণ। রিলিফ বা অস্থায়ী সহায়তা নয়, টেকসই উন্নয়নই একটি ইউনিয়নের ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী সুফল বয়ে আনে। এজন্য স্থানীয় পরিকল্পনা ও জনঅংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অধিবেশনে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বাজেট প্রণয়নে স্থানীয় চাহিদা ও বাস্তবতা বিবেচনার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, বর্ষা ও শুষ্ক মৌসুমে পানির সমস্যা সমাধানে খাল খনন, নিরাপদ পানির ব্যবস্থা, কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধি, সেচের জন্য জলাধার সংস্কার, প্রতিবন্ধী, বয়স্ক ও শিক্ষা খাতে ভাতা বৃদ্ধি এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
অধিবেশনের শেষ পর্যায়ে “স্থানীয় জলবায়ু অভিযোজন পরিকল্পনা” আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, ইউনিয়নের ভবিষ্যৎ সব কার্যক্রম এই পরিকল্পনার আলোকে বাস্তবায়িত হবে।
এই কর্মসূচির সহায়তায় ছিল বেসরকারি উন্নয়ন সংস্থা পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (PRAAN)।