রোমে ইউনুস ও লুলার ঐক্যবদ্ধ আহ্বান

 ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দফতরে “ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে বৈশ্বিক জোট”–এর নতুন কার্যালয়ের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং এফএও মহাপরিচালক ড. কু দংইউ একসঙ্গে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু করেন।

ব্রাজিল ও বাংলাদেশ যৌথভাবে এই বৈশ্বিক জোট গঠন করেছে। প্রায় এক দশক আগে প্রেসিডেন্ট লুলার প্রস্তাবেই এই উদ্যোগের ধারণা জন্ম নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে তিন নেতা পরস্পর করমর্দনের মাধ্যমে ঐক্যের বার্তা দেন এবং জানান, ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে এই জোট হবে বিশ্ব মানবতার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বর্তমানে বিশ্বের বিভিন্ন অঞ্চলে—বিশেষ করে গাজা ও সুদানে—দুর্ভিক্ষ ও খাদ্যসংকট চরম পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থায় প্রায় ৩০ কোটিরও বেশি মানুষ খাদ্য অনিরাপত্তায় ভুগছে। এমন প্রেক্ষাপটে একযোগে কাজ করার আহ্বান জানান তিন নেতা।

অধ্যাপক মুহাম্মদ ইউনুস অনুষ্ঠানে বলেন, “চলুন, একসঙ্গে ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়ি।”
প্রেসিডেন্ট লুলা ও ড. কু দংইউ তাঁদের বক্তব্যে এই নতুন অংশীদারত্বকে “বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় এক নতুন দিগন্ত” বলে অভিহিত করেন।

অনুষ্ঠানে ব্রাজিল সরকারের কয়েকজন মন্ত্রী ছাড়াও বাংলাদেশের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *