দারিদ্র্য দূর করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান

দেশের দারিদ্র্য দূর করে মানুষের জীবনমান উন্নয়ন এবং ভাগ্য পরিবর্তনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর মাদানী এভিনিউয়ের পেপার ট্রি বিডি ইভেন্ট ভেন্যুতে আয়োজিত জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কার্নিভাল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন এককভাবে সম্ভব নয়। এজন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। সরকার, তরুণ সমাজ এবং বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে। এতে দারিদ্র্য কমবে এবং মানুষের জীবনমান উন্নত হবে।

তিনি তরুণদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেন। বলেন, তরুণদের মধ্যে নেতৃত্ব গড়ে তুলতে হবে। সমাজসেবামূলক কাজেও তাদের অংশগ্রহণ বাড়াতে হবে। এ ক্ষেত্রে জেসিআই বাংলাদেশের কার্যক্রম প্রশংসনীয় বলে উল্লেখ করেন তিনি। সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর গত ৫৬ বছরে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতে উন্নয়ন বড় অর্জন হিসেবে উঠে এসেছে। তবে এই অগ্রগতি ধরে রাখতে হলে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, নতুন চিন্তা ও উদ্যম নিয়ে দেশ গঠনে কাজ করতে হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তাদের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জেসিআই বাংলাদেশ তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এটি নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা এবং ইতিবাচক পরিবর্তনে কাজ করছে। দেশের উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করতে সংগঠনটির ভূমিকা আরও বাড়ানো প্রয়োজন বলেও তারা মত দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *