কুমিল্লায় বৈশাখ অবগাহন ১৪৩৩: সংস্কৃতির মুক্ত চর্চার আহ্বান

বাঙালির প্রাণের উৎসব নববর্ষকে ঘিরে কুমিল্লায় অনুষ্ঠিত হলো ‘বৈশাখ অবগাহন ১৪৩৩’। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শনিবার বিকেলে নগরীর কান্দিরপাড়ের গ্র্যান্ড দেশপ্রিয় কনভেনশন হলে এই আয়োজন করে কুমিল্লা সাংস্কৃতিক জোট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোটের সভাপতি অধ্যক্ষ শামীম হায়দার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসূফ মোল্লা টিপু।

প্রধান অতিথির বক্তব্যে আমিন উর রশীদ ইয়াছিন বলেন, পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব। সংস্কৃতি মানুষের স্বাভাবিক চাহিদা, যা কোনো ভয় বা সংকীর্ণতার মধ্যে আটকে থাকতে পারে না। তিনি বলেন, মুক্ত পরিবেশেই সংস্কৃতি বিকশিত হয় এবং তখনই তা সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে পারে।

তিনি আরও বলেন, সমাজে নানা মতভেদ থাকতে পারে, কিন্তু সংস্কৃতির ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতিবাচক চর্চা থেকে বের হয়ে শুদ্ধ সংস্কৃতির চর্চা বাড়ানোর ওপরও জোর দেন তিনি।

অনুষ্ঠানে কুমিল্লা সাংস্কৃতিক জোটের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন সংগঠনের সাবেক সভাপতি মো. জহিরুল হক দুলাল। এছাড়া বক্তব্য দেন কুমিল্লা বার্ডের যুগ্ম পরিচালক কাজী সোনিয়া রহমান।

স্বাগত বক্তব্য দেন জোটের সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন। অনুষ্ঠানের শেষে কৃতজ্ঞতা জানান সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদুল হক স্বপন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলা নববর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক বেলায়েত হোসেন কনক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জোটের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ এবং পরিষদের সদস্য সচিব আশিক শিশির।

বৈশাখ অবগাহন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উপস্থিতি এবং সাংস্কৃতিক পরিবেশনা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। আয়োজকদের মতে, এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বাঙালি সংস্কৃতির চর্চা আরও বিস্তৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *