টাঙ্গাইলে শিশু হত্যা ও কিশোরী ধর্ষণ মামলার দুই আসামী গ্রেফতার

টাঙ্গাইলে পৃথক দুইটি অভিযানে শিশু হত্যা ও কিশোরী ধর্ষণ মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। রোববার (১৯ এপ্রিল ) টাঙ্গাইল স্টেডিয়াম সংলগ্ন সিপিসি-৩ ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

মধুপুর উপজেলার ৫ বছর বয়সী শিশু ফাতেমা খাতুন হত্যা মামলার প্রধান আসামী মো. আব্দুল জলিল (৩০) কে ১৮ই  এপ্রিল  বিকালে টাঙ্গাইল সদর থানার কলেজপাড়া চৌরাস্তা এলাকা থেকে আটক করা হয়।

মামলার বিবরণে জানা যায়, গত ১১ই এপ্রিল  বিকেলে শিশু ফাতেমা খাতুন বাড়ির পাশে খেলতে গেলে আসামী তাকে প্রলোভন দেখিয়ে নিয়ে যায়। পরবর্তীতে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে গোপন স্থানে ফেলে দেয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর ভিকটিমের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় মধুপুর থানায় মামলা নং-১৬, তারিখ-১২ই এপ্রিল ২০২৬, ধারা-৩০২/৩৪/২০১ পেনাল কোডে মামলা দায়ের করা হয়।

অপরদিকে, সিরাজগঞ্জ জেলার কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামী সিরাজগঞ্জের মো. আব্দুর রহমান (২০), কে গ্রেফতার করা হয়েছে। তাকে একই দিন সন্ধ্যা ৭টায় টাঙ্গাইল সদর থানার চারাবাড়ি বাজার এলাকা থেকে আটক করা হয়।

মামলার বিবরণে জানা যায়, গত ১০ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ২টার দিকে আসামী ভিকটিমের বাড়ির বেড়া ভেঙে ঘরে প্রবেশ করে এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় মামলা নং-০২, তারিখ-১৫ই ডিসেম্বর ২০২৫, ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর অধীনে মামলা দায়ের করা হয়।

র‍্যাব জানায়, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

শাকিলুজ্জামান
টাঙ্গাইল প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *