দেশের তরুণদের দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারলে বাংলাদেশ পৃথিবীর অন্যতম সেরা দেশে পরিণত হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ-এ অন-গ্রিড ওপেক্স মডেল সোলার প্যানেল প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রকৃত শিক্ষা ছাড়া কোনো দেশ টেকসই অগ্রগতি অর্জন করতে পারে না। তিনি মনে করেন, আধুনিক ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তরুণদের কর্মক্ষম ও উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। আর সেটিই বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের প্রধান শক্তি হবে।
তিনি আরও বলেন, সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বিশেষ করে শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের জট ও অনিয়ম দূর করে নির্ধারিত সময়ের মধ্যেই এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে শৃঙ্খলা ফিরবে এবং উচ্চশিক্ষা ও কর্মজীবনে প্রবেশের পথ সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা সচিব আবদুল খালেক। তিনি প্রকল্পটির সফল বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, সোলার প্যানেল থেকে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ ভবিষ্যতে অন্যত্র সরবরাহের সুযোগ তৈরি করা যেতে পারে।
অনুষ্ঠানে ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেড এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মধ্যে সোলার প্যানেল স্থাপন সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে স্বাক্ষর করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাবের হোসেইন এবং ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের প্রধান নির্বাহী মাসুদুর রহমান।
সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর এ ধরনের উদ্যোগ একদিকে যেমন পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তুলবে, অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যেও টেকসই উন্নয়ন সম্পর্কে সচেতনতা বাড়াবে।