স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, রাস্তা খনন, ড্রেন নির্মাণ ও উন্নয়নকাজে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। বৃষ্টির পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করে ড্রেন নির্মাণ করতে হবে, যাতে বর্ষাকালে কোথাও পানি জমে না থাকে।
বুধবার বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন শামীমবাগ এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শামীমবাগ-কুতুবপুর সীমান্ত এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান নিয়ে আলোচনা হয়।
প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। প্রকল্পগুলো মানুষের জীবনমান উন্নয়নে বাস্তব ভূমিকা রাখতে হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরও যত্নশীল হওয়ার পরামর্শ দেন।
তিনি বলেন, সরকার চায় দেশের প্রতিটি নাগরিক আধুনিক নাগরিক সুবিধা ভোগ করুক। সেই লক্ষ্যেই নগর উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রীর পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরায়নের দর্শনের কথা তুলে ধরে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে তাড়াহুড়ো না করে সরেজমিন পরিদর্শনের মাধ্যমে কাজের অগ্রগতি নিশ্চিত করতে হবে।
সভায় সিদ্ধান্ত হয়, মাতুয়াইল মা ও শিশু হাসপাতাল থেকে শহীদনগর চৌরাস্তা পর্যন্ত এলাকায় জলাবদ্ধতা নিরসনে দ্রুত রাস্তা ও ড্রেন নির্মাণ এবং সংস্কার কাজ শুরু করা হবে। এ কাজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হবে।
সভায় স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনুবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রকৌশলী, নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শামীমবাগ-কুতুবপুর সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেনেজ সমস্যার কারণে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। এতে সড়ক চলাচল ব্যাহত হয় এবং দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকাবাসীর ভোগান্তি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।