‘তৃণমূলের স্বাস্থ্যসেবায় আমাদের নিয়োগ দিন’

 

দেশের প্রান্তিক পর্যায়ে সরকারি হাসপাতালে চিকিৎসক সংকট নিরসন ও তৃণমূল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে “৪৮তম বিসিএস নিয়োগপ্রত্যাশী সাধারণ চিকিৎসক ফোরাম” জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন ডা. শরিফ, ডা. সাদমান সাকিব রাফি, ডা. গোলাম সামদানী, ডা. আল মুনতাসির ও ডা. সেজানা খানসহ শতাধিক চিকিৎসক। “উপজেলায় পদ খালি, স্বাস্থ্যসেবায় জোড়াতালি”, “ডাক্তার বঞ্চিত, জাতি লজ্জিত”সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয় প্রেস ক্লাব এলাকা।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে দেশের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার ৯৮০টি চিকিৎসক পদ ফাঁকা রয়েছে। এই অবস্থায় তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে। তাই ৪৮তম (বিশেষ) বিসিএস-এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীদের সহকারী সার্জন পদে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা।

ডা. গোলাম সামদানী বলেন, “১২,৯৮০টি পদ ফাঁকা রেখে তৃণমূলের জনগণকে স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব নয়। আমরা লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ, শুধু সুযোগের অপেক্ষায় আছি। সরকারের কাছে আমাদের আহ্বান—শূন্য পদে দ্রুত আমাদের নিয়োগ দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন।”

ডা. সাদমান সাকিব রাফি বলেন, “বর্তমান সরকার প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়েছে। কিন্তু একদিকে যেখানে সহকারী সার্জনের অভাব রয়েছে, অন্যদিকে আমরা ৩১২০ জন উত্তীর্ণ চিকিৎসক এখনো নিয়োগের অপেক্ষায়। এ পরিস্থিতিতে আমাদের দ্রুত নিয়োগ না দিলে চিকিৎসক সংকট আরও বাড়বে।”

তিনি আরও জানান, ৪৪তম, ৪৫তম ও ৪৬তম বিসিএস-এর অসম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার কারণে প্রায় ১,৫০০ রিপিট প্রার্থী ৪৮তম বিশেষ বিসিএসেও উত্তীর্ণ হয়েছেন। ফলে নিয়োগ বিলম্বিত হলে অনেক পদ আবার ফাঁকা থেকে যাবে।

চিকিৎসকরা বলেন, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা জানিয়েছেন, আরও ৩,০০০ শূন্যপদে চিকিৎসক নিয়োগের জন্য চাহিদাপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যেহেতু ৪৮তম বিশেষ বিসিএসের গেজেট এখনো প্রকাশিত হয়নি, তাই এ পর্যায়ে উত্তীর্ণদের মেধাক্রম অনুযায়ী দ্রুত নিয়োগের উদ্যোগ নেওয়া সম্ভব।

মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “তৃণমূল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা জোরদার করতে এবং সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট নিরসনে ৪৮তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের অবিলম্বে নিয়োগ দিন।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *