কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আর ভবিষ্যতের কল্পনা নয়—এটি এখন বাস্তব, এবং বিশ্বের নানা দেশের সরকারে সরাসরি কাজ করছে। কোথাও এটি নীতিনির্ধারণে পরামর্শ দিচ্ছে, কোথাও সিদ্ধান্ত নিচ্ছে, আবার কোথাও দাপ্তরিক পদও পাচ্ছে।
সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন সম্প্রতি স্বীকার করেছেন, তিনি রাষ্ট্রীয় নীতিনির্ধারণে মতামত নিতে নিয়মিতভাবে এআই ব্যবহার করেন। এ খবর প্রকাশের পর দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
অন্যদিকে যুক্তরাজ্য সরকার এআই খাতে বিপুল বিনিয়োগ ঘোষণা করেছে। ৫৭৩ মিলিয়ন পাউন্ড বরাদ্দ দেওয়া হয়েছে—যা আগের বছরের বাজেটের দ্বিগুণেরও বেশি। বিশ্লেষকদের মতে, এটি প্রমাণ করে প্রশাসনের মূল অংশে এআই দ্রুত জায়গা করে নিচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রেও সরকারিভাবে এআই ব্যবহারের সূচনা হয়েছে। ওপেনএআই চালু করেছে ChatGPT Gov—যা বিশেষভাবে সরকারি সংস্থার জন্য তৈরি একটি নিরাপদ সংস্করণ।
দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানেও এআই রাজনীতির মাঠে প্রবেশ করেছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগার থেকেই এআই-নির্ভর অডিও বার্তার মাধ্যমে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন। এটি পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো রাজনৈতিক বার্তা তৈরিতে এআই ব্যবহারের নজির।
নেদারল্যান্ডসে অবশ্য এআই-এর অপব্যবহার ভয়াবহ পরিণতি ডেকে আনে। একটি বৈষম্যমূলক অ্যালগরিদম হাজার হাজার পরিবারকে ভুলভাবে কল্যাণভাতা প্রতারণার অভিযোগে অভিযুক্ত করে। অধিকাংশ পরিবার ছিল দ্বৈত নাগরিক। ফলে বহু মানুষ আর্থিকভাবে ধ্বংস হয়ে পড়ে, এমনকি আত্মহত্যার ঘটনাও ঘটে।
এশিয়ার দেশ জাপানেও প্রশাসনিক কাজে এআই ব্যবহারের শুরু হয়েছে। ২০২৩ সালের এপ্রিলে ইয়োকোসুকা শহর প্রথমবারের মতো সরকারি দপ্তরে ChatGPT ব্যবহার শুরু করে। প্রায় চার হাজার সরকারি কর্মচারী এক মাসের পরীক্ষামূলক প্রকল্পে অংশ নেন, যার লক্ষ্য ছিল কাজের গতি ও দক্ষতা বাড়ানো।
অন্যদিকে ইউরোপের ছোট দেশ আলবেনিয়া এক ধাপ এগিয়ে গেছে। দেশটি বিশ্বের প্রথম ভার্চুয়াল উপমন্ত্রী নিয়োগের পরিকল্পনা করছে। “দিয়েলা” নামের একটি এআইকে ডিজিটাল রূপান্তর বিষয়ক উপমন্ত্রীর পদে নিয়োগের আলোচনা চলছে।
বিশ্বজুড়ে এসব ঘটনার ধারাবাহিকতা একটিই ইঙ্গিত দেয়—মানবসভ্যতা এমন এক যুগে প্রবেশ করেছে যেখানে প্রশাসনের দরজায় কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু কড়া নাড়ছে না, ইতিমধ্যেই ভেতরে ঢুকে পড়েছে।
এআই এখন কেবল সহযোগী নয়—নীতি, সিদ্ধান্ত ও শাসনের অংশীদার। বলা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা সত্যিই পৃথিবী চালাতে শুরু করেছে।