নেত্রকোণায় তারুণ্যের উৎসবে সাঁতার প্রশিক্ষণ

 

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে নেত্রকোণায় শুরু হয়েছে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা শহরের মোক্তারপাড়ায় জেলা প্রশাসকের বাসভবনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এই প্রশিক্ষণ চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কার্যক্রমে জেলার বিভিন্ন এলাকার ২৮ জন বালক ও ২ জন বালিকাসহ মোট ৩০ জন অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে মোক্তারপাড়া বকুলতলায় খালেকদাদ চৌধুরী উন্মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান। আলোচনায় সাঁতারের গুরুত্ব ও তরুণ প্রজন্মকে এই খেলায় উৎসাহিত করার বিষয়ে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম) এবং জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, সরকারি শিশু পরিবার (বালক) এর উপ-তত্ত্বাবধায়ক তারেক হোসেন এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রুবেল মিয়া।

প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তরুণদের সাঁতারে দক্ষ করে তোলা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *