৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ বুধবার ভেড়ামারা উপজেলা বিএনপির উদ্যোগে ব্যাপক লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়।
লিফলেট বিতরণের সময় ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা শহরের বিভিন্ন এলাকায়—দোকানপাট, মোড়ে মোড়ে, রাস্তার দু’পাশে, ফুটপাতের পাশে, রিকশা-ভ্যান শ্রমিকসহ সর্বস্তরের মানুষের হাতে লিফলেট পৌঁছে দেন।
নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে জনমত গঠনের আহ্বান জানিয়ে বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়নই দেশের জনগণের অধিকার পুনরুদ্ধারের পথ। লিফলেট বিতরণের সময় তারা শিক্ষক, ছাত্র, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত নেতারা আরও জানান, শুধু জনসমাগম এলাকায় নয়, ঘরে ঘরে গিয়ে বিশেষ করে মা-বোনদের কাছেও লিফলেট পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে সবাই এই কর্মসূচি সম্পর্কে জানতে পারেন এবং গণআন্দোলনে অংশ নেন।
ভেড়ামারার স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ উদ্যোগে নতুন প্রাণচাঞ্চল্য দেখা গেছে বলে স্থানীয়রা জানান।