বিশ্ব মেরুদণ্ড দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত হলো গণসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজের প্রধান ফটক থেকে র্যালিটি শুরু হয়ে হাসপাতালের ডিরেক্টর অফিসের সামনে “ট্রেনিং কমপ্লেক্স অডিটোরিয়াম”-এ এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত হয় মতবিনিময় ও আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. মোহাম্মদ কামরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহিদ রায়হান।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে ঘাড়, পিঠ ও কোমরের ব্যথায় আক্রান্ত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। ভুল ভঙ্গিতে বসা, শারীরিক পরিশ্রমের অভাব, দীর্ঘ সময় মোবাইল ও কম্পিউটার ব্যবহার এবং দুর্ঘটনাজনিত আঘাতের কারণে এ সমস্যা ক্রমেই জটিল আকার ধারণ করছে।
তাদের মতে, নিয়মিত শরীরচর্চা, সঠিক ভঙ্গিমা বজায় রাখা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে মেরুদণ্ডের সুস্থতা নিশ্চিত করা সম্ভব। দিবসটি উদযাপনের মূল লক্ষ্যই হলো এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
বক্তারা আরও জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ দেশের মেরুদণ্ডের চিকিৎসা ও সার্জারিতে অগ্রণী ভূমিকা পালন করছে। গত এক বছরে বিভাগটি ২৩০০-রও বেশি সফল মেরুদণ্ডের অস্ত্রোপচার সম্পন্ন করেছে, যার মধ্যে রয়েছে ডিস্ক প্রোলাপ্স, স্পাইনাল টিউমার, ট্রমা, ইনস্ট্রুমেন্টেশন ও জটিল ডিফরমিটি সংশোধন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিমূলক লিফলেট, টি-শার্ট ও ক্যাপ বিতরণ করা হয়। আয়োজকরা ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে জনসচেতনতা কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।