মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্প বাতিল

দীর্ঘদিন কোনো অগ্রগতি না হওয়া এবং ভারতের পক্ষ থেকে প্রত্যাশিত সাড়া না মেলায় চট্টগ্রামের মিরসরাই ও বাগেরহাটের মোংলায় প্রস্তাবিত ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্প বাতিল করেছে বাংলাদেশ সরকার।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, প্রকল্পটি সরকারিভাবে এখন জিটুজি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) কাঠামো থেকে বাদ দেওয়া হয়েছে।

বেজা সূত্রে জানা গেছে, জমি নির্ধারণ ও সম্ভাব্য ঠিকাদার নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল, তবে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। মিরসরাই প্রকল্পের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে এবং ভারতের লাইন অব ক্রেডিট (এলওসি) তহবিলও বাতিল হয়েছে। এখন সেই জমি অন্য কোনো উন্নয়ন কাজে ব্যবহারের পরিকল্পনা করছে বেজা, যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

২০১৫ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় মিরসরাইয়ে ৯০০ একর ও মোংলায় ১১০ একর জমি বরাদ্দ দিয়েছিল বাংলাদেশ সরকার। ২০১৯ সালে একনেক অনুমোদিত এই প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছিল ৯৬৫ কোটি টাকা, যার মধ্যে ৯১৫ কোটি টাকা আসার কথা ছিল ভারতের এলওসি থেকে।

কিন্তু ২০২৪ সালের এলওসি পর্যালোচনা বৈঠকে অগ্রগতি না হওয়া প্রকল্পগুলো তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের পরই কার্যত ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের সমাপ্তি ঘটে।

প্রকল্পের ধীরগতির অন্যতম কারণ ছিল ভারতের কঠোর শর্ত। ভারত চাইছিল ভূমি উন্নয়ন কাজ অবশ্যই কোনো ভারতীয় ঠিকাদার করবে এবং প্রকল্পের ৬৫ শতাংশ সরঞ্জাম ভারত থেকেই আনতে হবে। এই শর্তে কোনো ভারতীয় প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়নি। বাংলাদেশি ঠিকাদারদের অংশগ্রহণের প্রস্তাব দিলেও ভারত সে বিষয়ে রাজি হয়নি।

সবশেষে, আট বছরের স্থবিরতার পর বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি বাতিলের ঘোষণা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *