জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থেকেও সনদে সই করেনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন রাজনৈতিক দল গণফোরাম।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। গণফোরামের প্রতিনিধি দলও অনুষ্ঠানে উপস্থিত ছিল, তবে তারা সনদে সই করেনি।
অনুষ্ঠান শেষে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাংবাদিকদের জানান, সংবিধানের একটি বিষয় নিয়ে তাদের দলের পর্যবেক্ষণ রয়েছে। তিনি বলেন, “আপত্তির মুখে ঐকমত্য কমিশন সংশোধনী করেছেন বলে আমাদের জানানো হয়েছে। বিষয়টি আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তীতে সনদে স্বাক্ষর করব।”
গণফোরাম জানিয়েছে, বিষয়টি নিয়ে দলের অভ্যন্তরীণ আলোচনা শেষে আগামী কয়েক দিনের মধ্যেই জুলাই সনদে স্বাক্ষর করবে।
জুলাই জাতীয় সনদ ২০২৫–এর লক্ষ্য দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও নীতিগত সমঝোতা প্রতিষ্ঠা করা।