কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ বাবুল বাউল (ফজলুর রহমান বাবুল) আর নেই। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বরিশালের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাবুল বাউলের পৈত্রিক নিবাস বরিশাল হলেও শৈশব, বেড়ে ওঠা এবং সংগীতচর্চার পুরো সময়টাই কেটেছে কুমিল্লায়। স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে তিনি ছিলেন এক পরিচিত ও প্রিয় মুখ। যে কোনো অনুষ্ঠানে গান গাওয়ার ডাক পেলে তিনি কখনো ফিরিয়ে দিতেন না। উৎসব কিংবা শোক—সব জায়গাতেই তার কণ্ঠে ভেসে আসত জীবনের কথা।
তিনি পরিবারসহ কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বসবাস করতেন এবং সেখানে একটি ছোট চায়ের দোকান চালাতেন। চলতি বছরের এপ্রিল মাসে হঠাৎ স্ট্রোক করলে সাংস্কৃতিক কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় কিছুটা সুস্থ হয়ে ওঠেন। পরে বাবা-মায়ের কবর জিয়ারতের জন্য বরিশালে গেলে সেখানে আবার অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।
পরিবারের ইচ্ছানুযায়ী বাবুল বাউলকে বরিশালে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।
তার মৃত্যুতে কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।