“হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্য নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উপলক্ষে আজ (১৯ অক্টোবর) সকালে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। তিনি বলেন, “নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার অন্যতম কার্যকর উপায়। ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে এ সচেতনতা তৈরি করতে হবে।”
বিশ্ব হাত ধোয়া দিবসের এই কর্মসূচি হাতের পরিচ্ছন্নতা রক্ষার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।