
টাইফয়েড প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনে তরুণদের স্বতোস্ফূর্তভাবে যুক্ত হতে আহ্বান জানিয়েছেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।
সোমবার (২৯ সেপ্টেম্বর) মাগুরা জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জেলা গার্ল গাইডস ও বয় স্কাউটদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির ভাষণে মাগুরার জেলা প্রশাসক আরও বলেন, টাইফয়েডের টিকার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা ও জনস্বাস্থ্য কার্যক্রমেও তরুণদের এগিয়ে আসতে হবে।
জেলা পর্যায়ে তরুণতরুণীদের সম্পৃক্ত করে টাইফয়েড টিকাদান কর্মসূচি পরিচালনায় সরকার ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এ প্রকল্পটি বাস্তবায়ন করছে মাগুরা জেলা তথ্য অফিস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. শামীম কবির। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার পাভেল দাস।