চট্টগ্রাম বন্দরে যানবাহনের বর্ধিত গেটপাস ফি স্থগিত করেছে বন্দর কর্তৃপক্ষ। ফলে টানা দুই দিন ধরে চলা অচলাবস্থা সাময়িকভাবে নিরসন হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে পরিবহন শ্রমিক ও মালিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।
তিনি জানান, বর্ধিত ফি সংক্রান্ত সরকারি গেজেট বন্দর প্রশাসনের একার সিদ্ধান্তে বাতিল বা সংশোধন করা সম্ভব নয়। তবে পরিবহন শ্রমিকদের দাবি বিবেচনা করে সাময়িকভাবে ফি কার্যকর করা স্থগিত রাখা হয়েছে। বিষয়টি নিয়ে বন্দর বোর্ডের সিদ্ধান্তের পর মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। চূড়ান্ত অনুমোদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ওমর ফারুক বলেন, “বৈঠকে শ্রমিক-মালিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আপাতত বর্ধিত গেটপাস ফি স্থগিত থাকবে। শ্রমিকরা কাজে ফেরার আশ্বাস দিয়েছেন। বন্দরের বাইরে প্রায় ছয় হাজার ট্রাক ও কাভার্ডভ্যান অপেক্ষা করছে, যা এখন ডেলিভারি ও রপ্তানি কাজে যুক্ত হবে।”
বাংলাদেশ কাভার্ডভ্যান ট্রাক প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক মো. শামসুজ্জামান সুমন বলেন, “বৈঠকে বর্ধিত প্রবেশ ফি স্থগিত করার সিদ্ধান্ত জানানো হয়েছে। আমরা আমাদের সংগঠনের সবাইকে কাজে ফেরার নির্দেশ দিয়েছি।”
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহনের প্রবেশ ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা নির্ধারণ করা হয়। এর প্রতিবাদে শনিবার থেকে কনটেইনার পরিবহনের ট্রেইলার, ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রাখেন মালিক ও শ্রমিকরা, ফলে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়ে।