জুলাই যোদ্ধাদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
বৈঠকে জুলাই যোদ্ধারা অভিযোগ করেন, স্বাস্থ্য কার্ড থাকা সত্ত্বেও গত কুরবানি ঈদের পর থেকে দেশের বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা এ অবস্থাকে অমানবিক বলে উল্লেখ করেন এবং আহত যোদ্ধাদের চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে দেশের সব হাসপাতালে লিখিত নির্দেশনা পাঠানোর দাবি জানান।
এ ছাড়া, জুলাই পরিবারের সদস্যদের আইনি সুরক্ষা নিশ্চিত করা ও প্রত্যেক যোদ্ধাকে পৃথক পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদানের দাবি তোলেন তারা।
বৈঠকে জুলাই যোদ্ধারা ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গও তুলে ধরেন। তারা জানান, ওই দিন তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরতে গিয়েছিলেন, কিন্তু কিছু বহিরাগত ব্যক্তি অনুপ্রবেশ করে সহিংসতায় লিপ্ত হয়। যোদ্ধারা জানান, তারা ওই ব্যক্তিদের মধ্যে ২০–২৫ জনকে শনাক্ত করতে পেরেছেন।
ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জুলাই যোদ্ধারা কমিশনের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং সেদিন দায়ের করা চারটি মামলা প্রত্যাহারে সহায়তা চান।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়, যোদ্ধাদের উত্থাপিত সব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
বৈঠকে জুলাই যোদ্ধাদের ১৩ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মো. সোহাগ মাহমুদ, কামরুল হাসান, মো. আল-আমিন, মুস্তাঈন বিল্লাহ হাবিবী, হাসিবুল হাসান জিসান, মারুফা মায়া, আহাদুল ইসলাম, মাজেদুল হক শান্ত, মো. সাগর উদ্দিন, মো. দুলাল খান, মো. নাহিদুজ্জামান, ইমরান খান ও নুসরাত জাহান।