ফরিদপুরে এ কে আজাদের গাড়িবহরে হামলা

 

ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র রাজনীতিক এ কে আজাদ দাবি করেছেন, সমাজসেবামূলক কর্মকাণ্ড ও জনপ্রিয়তার কারণেই তাঁর ওপর হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ‘তারা আমাকে টার্গেট করেছে, কারণ আমি এলাকার মানুষের জন্য কাজ করি। আমার জনপ্রিয়তায় ভীত হয়েই তারা এই হামলা চালিয়েছে।’

আজ সোমবার (২০ অক্টোবর) ফরিদপুর শহরের ঝিলটুলীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ করেন ও দল পুনর্বাসনের চেষ্টা করছেন—বিএনপি নেতা চৌধুরী নায়াব ইউসুফের এমন অভিযোগের জবাবে এ কে আজাদ বলেন, ‘আমি আওয়ামী লীগ করিনি। গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি। আমি আওয়ামী লীগকে পুনর্বাসিত করছি—উনি এটা প্রমাণ করুক। আসলে তাঁরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার জন্য এসব বলছেন।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে। দুটি জোট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, আমি স্বতন্ত্রভাবে কাজ করছি। কিন্তু আমার ওপর হামলার ঘটনা ঘটছে—এটা কোনোভাবেই কাম্য নয়।’

গত রবিবার বিকেলে ফরিদপুর সদরের পরমানন্দপুর এলাকায় গণসংযোগ চলাকালে এ কে আজাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। তিনি জানান, বিএনপির মনোনয়নপ্রত্যাশী চৌধুরী নায়াব ইউসুফের লিফলেট বিতরণের সময় যুবদলের কিছু কর্মী হামলা চালায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা চৌধুরী নায়াব ইউসুফ এক ভিডিও বার্তায় বলেন, ‘ফরিদপুরের মানুষ শান্তিপ্রিয়। আমাদের নেতা-কর্মীরা রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন, তখন আওয়ামী লীগের কিছু চিহ্নিত কর্মী সেখানে যান, এতে কিছু উত্তেজনা হয়। কোনো হামলার ঘটনা ঘটেনি, ভিডিওতে তার প্রমাণও নেই।’

তিনি অভিযোগ করেন, ‘একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সরকার-ঘনিষ্ঠ একটি মিডিয়া চ্যানেলও এতে অংশ নিয়েছে। এটি ফ্যাসিস্ট সরকারের প্রচলিত কৌশল।’

আজ সকালে এ কে আজাদ ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের বিলনালিয়া বাজার এলাকায় গণসংযোগ করেন এবং পরে আলী মোল্লার বাড়িতে উঠান বৈঠক করেন। বৈঠকে তিনি বলেন, ‘আমার নির্বাচন করার ইচ্ছা ছিল না, কিন্তু মানুষের আগ্রহ ও ভালোবাসা দেখে মন পাল্টে যাচ্ছে।’

এ কে আজাদ আরও বলেন, ‘জলাবদ্ধতা দূর করতে সরকারি উদ্যোগ দরকার। আমি নির্বাচিত হলে এসব সমস্যার সমাধানে কাজ করব।’

ফরিদপুরের এই ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। সামনে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় এলাকাজুড়ে পাল্টাপাল্টি অভিযোগে তীব্র হচ্ছে উত্তেজনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *