ক্ষুদ্র জাতিগোষ্ঠীর স্বার্থ রক্ষা ও তাদের সমাজ-রাজনীতিতে প্রতিষ্ঠার জন্য বিএনপি কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন।
মির্জা ফখরুল বলেন, “বিএনপি কমিটেড। বিএনপি আপনাদের সঙ্গে কাজ করবে, পাশে থাকবে এবং আপনাদের স্বার্থ নিয়ে কথা বলবে। সমাজে ও রাজনীতিতে আপনাদের প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব—এটা আমাদের প্রমিজ।”
তিনি আরও বলেন, “আসুন, আমরা একসঙ্গে দেশটাকে নতুনভাবে গড়ে তুলতে কাজ করি।”
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদক, নারী উদ্যোক্তা সান্তানু স্নিতা নকরেক ও স্বপ্ন আজিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তারা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারী উদ্যোক্তাদের জন্য সহজ ও স্বল্প শর্তে ঋণ সহযোগিতার ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষা, কর্মসংস্থান ও সাংস্কৃতিক উন্নয়নে রাষ্ট্রীয় সহায়তার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।