আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, গণভোট এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেন। প্রতিনিধি দলে আরও ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
সরকারের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
দীর্ঘ আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া, গণভোট এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ নিয়ে মতবিনিময় হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই সনদ জাতির জন্য মহামূল্যবান সম্পদ। এর বাস্তবায়নে সব দলের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি এনসিপিকে সনদে স্বাক্ষর করার আহ্বান জানান এবং আশ্বস্ত করেন যে জাতীয় ঐকমত্য কমিশন সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কাজ করছে।
নাহিদ ইসলাম বৈঠকে বলেন, “আমরা নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ ও জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চাই। এ বিষয়ে সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।”
তিনি জানান, এনসিপির পক্ষ থেকে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার জন্য ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টা এনসিপিকে আশ্বস্ত করেন যে সরকার নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেবে। তিনি আরও জানান, প্রশাসনের যেকোনো রদবদল তিনি নিজেই সরাসরি তদারকি করবেন যেন নির্বাচনকালীন নিরপেক্ষতা বজায় থাকে।
বৈঠক শেষে উভয় পক্ষই জাতীয় স্বার্থে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।