চট্টগ্রামে চালু হলো ‘স্টুডেন্টস হেলথ কার্ড’

 

দেশে প্রথমবারের মতো শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা তথ্য সংরক্ষণের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) চালু করেছে ‘স্টুডেন্টস হেলথ কার্ড’। বুধবার (২২ মে) কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

প্রথম ধাপে চসিকের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান—পাথরঘাটা সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়, গুল এজার বেগম সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, ইমারাতুন্নেসা কিন্ডারগার্টেন, পাঁচলাইশ কিন্ডারগার্টেন এবং কাপাসগোলা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়—এর শিক্ষার্থীদের এ উদ্যোগের আওতায় আনা হয়েছে।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “শিশুদের স্বাস্থ্য রক্ষা শুধু অভিভাবকদের নয়, বরং প্রতিষ্ঠান ও সিটি কর্পোরেশনেরও দায়িত্ব। এই হেলথ কার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে। এতে করে আমরা একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে পারব।”

তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে পর্যায়ক্রমে চসিকের অন্যান্য বিদ্যালয়েও এই কার্যক্রম চালু করা হবে।

চসিকের এই উদ্যোগকে শিক্ষার্থী ও অভিভাবকরা স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এ ধরনের স্বাস্থ্য সেবা নিয়মিতভাবে পেলে শিক্ষার্থীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং অসুস্থতার হারও কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *