কাভা টুর্নামেন্টে জয় দিয়ে শুরু বাংলাদেশের

 

ঢাকা, ২২ অক্টোবর ২০২৫: ছয় দেশের অংশগ্রহণে শুরু হওয়া সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) কাপ মেন্স ২০২৫ টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে মালদ্বীপকে সরাসরি ৩-০ সেটে হারিয়ে জয় তুলে নিয়েছে হরষিত বিশ্বাসের দল।

বাংলাদেশের খেলোয়াড়রা প্রথম থেকেই দারুণ ছন্দে ছিলেন। তিন সেটের স্কোর ছিল যথাক্রমে ২৫-২১, ২৫-১৩ ও ২৫-২১ পয়েন্টে। লাল-সবুজের ক্রীড়াবিদদের এই জয় ঘরের মাঠে কাভা অভিযানে আত্মবিশ্বাস যোগ করেছে।

দিনের অন্য খেলায় তুর্কমেনিস্তান সহজেই ৩-০ সেটে নেপালকে হারায়। তবে শ্রীলংকা ও আফগানিস্তানের ম্যাচটি ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের। শেষ পর্যন্ত শ্রীলংকা ৩-২ সেটে জয় পায় আফগানদের বিপক্ষে।

বুধবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা ওঠে এবারের কাভা কাপের। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, “বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ একটি দেশ। আশা করছি এই প্রতিযোগিতা উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। সবাই মিলে আমরা সফল এক টুর্নামেন্ট উপহার দিতে পারব।”

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “এটা আমাদের দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। বড় এক আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। এটি ফেডারেশনের জন্য একটি মাইলফলক।”

তিনি আরও জানান, তাদের কমিটি দায়িত্ব নেওয়ার পর এটি চতুর্থ বড় আয়োজন। আনন্দের সঙ্গে তিনি ঘোষণা করেন, বাংলাদেশের মেয়েদের ভলিবল দল আগামী ডিসেম্বরে মালদ্বীপে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু।

আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্টে বাংলাদেশসহ অংশ নিচ্ছে মালদ্বীপ, শ্রীলংকা, নেপাল, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *