মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে ১৫ সেনা কর্মকর্তা

মানবতাবিরোধী অপরাধের মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে  বুধবার (২২ অক্টোবর ) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আওয়ামী লীগের শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম ও খুনের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

সকাল সোয়া ৭টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে প্রিজনভ্যানে করে অভিযুক্তদের ট্রাইব্যুনালে আনা হয়। সাড়ে ৭টার দিকে পুলিশ সদস্যরা তাদের প্রিজনভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নিয়ে যায়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলা ও দুটি গুম মামলার অগ্রগতির পর্যালোচনা করছে। তিনটি মামলায় মোট ৩২ জনকে অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে ২৫ জনই বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এবং র‍্যাবের তিন সাবেক মহাপরিচালক। এছাড়া দুটি গুম মামলায় অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের।

গত ৮ অক্টোবর ট্রাইব্যুনাল এই মামলাগুলোর অভিযোগপত্র গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পুলিশ মহাপরিদর্শককে পরোয়ানা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও পরোয়ানার অনুলিপি পাঠানো হয়।

আজ আদালতে ওই পরোয়ানার বাস্তবায়নসংক্রান্ত কমপ্লায়েন্স রিপোর্ট দাখিলের দিন নির্ধারিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *