দক্ষ চালক তৈরির উদ্যোগে ড্রাইভিং লাইসেন্স প্রদানের পদ্ধতিতে বড় পরিবর্তন আনছে সরকার। এতদিন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদানের দায়িত্বে থাকলেও এবার সেই কর্তৃত্ব আর তাদের হাতে থাকবে না।
বুধবার (২২ অক্টোবর) সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর হাতিরঝিলের সড়ক ভবন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি বলেন, “দেশে দক্ষ চালক তৈরির লক্ষ্য নিয়ে সরকার ড্রাইভিং লাইসেন্স ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন নিয়মে লাইসেন্স পেতে হলে অন্তত ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে।”
সেতু উপদেষ্টা আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও সরকার অনুমোদিত বেসরকারি কেন্দ্রগুলোতে এই প্রশিক্ষণ নেওয়া যাবে। প্রশিক্ষণ শেষে সেই প্রতিষ্ঠান থেকেই দেওয়া হবে ড্রাইভিং লাইসেন্স।
মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “দুই ধাপে প্রশিক্ষণ হবে— যাতে চালকেরা সড়কের সাইন বুঝতে পারেন এবং গাড়ি নিয়ন্ত্রণে দক্ষতা অর্জন করতে পারেন। পাশাপাশি শারীরিক সক্ষমতা যাচাই ও ডোপ টেস্টও বাধ্যতামূলক করা হবে।”
তিনি আশা প্রকাশ করেন, আগামী মাসের মধ্যেই নতুন প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখশ চৌধুরী, সেতু সচিব মো. আবদুর রউফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।