পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় সমিতি ভবনের দ্বিতীয় তলার ৭নং হল রুমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছির আরাফাত, বাংলাদেশ বার কাউন্সিলের রুলস্ অ্যান্ড পাবলিকেশন কমিটির সাবেক চেয়ারম্যান ও জেলা পিপি এডভোকেট মোঃ কাইমুল হক রিংকু এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মিজানুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমিতির রিক্রিয়েশন সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ জহীরুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছিরে কোরআন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও নাগাইশ দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মোশতাক ফয়েজী। তাঁর আলোচনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ন্যায়, দয়া, মানবিকতা ও সমাজ সংস্কারের আদর্শকে ন্যায়ভিত্তিক ও শান্তিময় সমাজ গঠনের পথনির্দেশনা হিসেবে তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সহিদ উল্লাহ বলেন, মহানবীর শিক্ষা মানবকল্যাণ, সত্য ও ন্যায়ের পথ নির্দেশ করে। তাঁর আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা প্রতিষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আইনজীবীদের সক্রিয় অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ আধ্যাত্মিক পরিবেশে ভরে ওঠে।