কুমিল্লায় আড়ম্বরপূর্ণ কালীপূজা ও দীপাবলি উদযাপন

 

সোমবার (২০ অক্টোবর), কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা ও দীপাবলি উৎসব সারা দেশে অনুষ্ঠিত হয়েছে। শক্তি ও শান্তির প্রতীক দেবী শ্যামা মায়ের আগমনে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে পূজা, আলোকসজ্জা ও উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে।

এরই ধারাবাহিকতায় কুমিল্লা নগরীর দেশওয়ালী পট্টিতে উদয়ন সংঘের আয়োজনে চলছে পাঁচদিনব্যাপী নানা আয়োজন। জেলার সবচেয়ে বড় ও আকর্ষণীয় এই কালীপূজা মণ্ডপ দেখতে প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত হাজারো ভক্ত-দর্শনার্থীর ঢল নামে। শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, অন্যান্য ধর্মের মানুষও দেবী দর্শনে হাজির হচ্ছেন, যা সম্প্রীতির এক অনন্য উদাহরণ তৈরি করেছে।

দীপাবলী মূলত আলোর উৎসব—অশুভের পরাজয় ও শুভ শক্তির বিজয়ের প্রতীক। অন্ধকার দূর করে আলোকিত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে উৎসবটি উদযাপন করা হয়। শহরের মন্দিরগুলো রঙিন আলোয় সেজেছে উৎসবের সাজে। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে, কুমিল্লা নগরীর সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু কুমিল্লা-৬ আসনের বিভিন্ন কালীপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দেন এবং উপস্থিত ভক্তদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন।

উৎসবের আনন্দে মুখরিত কুমিল্লা শহর এখন এক আলোকিত নগরী—ভক্তি, সৌন্দর্য ও সম্প্রীতির রঙে রঙিন হয়ে উঠেছে প্রতিটি মন্দির ও পাড়া-মহল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *