ধর্মের নামে বিভ্রান্তি প্রতিহত করা হবে — আমান

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, দেশে একটি রাজনৈতিক দল পিআরের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণ এখন অনেক সচেতন, তারা আর এমন অপচেষ্টা সফল হতে দেবে না।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের আসমদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত কেন্দ্রীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমান উল্লাহ আমান বলেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে নেতাকর্মীদের ভোটকেন্দ্রে থেকে পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভোটগণনা শেষ না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র ছাড়বেন না। ইনশাআল্লাহ, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে এবং জাতীয় সরকার গঠন করবে।”

তিনি অভিযোগ করেন, একটি দল ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে। ভোটের বিনিময়ে জান্নাতের লোভ দেখানো হচ্ছে, যা ধর্মের অপব্যবহার। এ সময় তিনি বলেন, “নবী করীম (সা.) নিজেও এমন প্রতিশ্রুতি দেননি। ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারকারীদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”

ডাকসুর সাবেক ভিপি আমান আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াই এখন শুধু বিএনপির নয়, বরং এটি জনগণের আন্দোলনে পরিণত হয়েছে। তিনি বলেন, “ভোটের দিন জনগণকেই ভোটকেন্দ্রে থেকে পাহারা দিতে হবে এবং ষড়যন্ত্র রুখে দিতে হবে।”

সভা শেষে আমান উল্লাহ আমানের নেতৃত্বে নেতাকর্মীরা ঐক্যের শপথ নেন। তারা ঘোষণা দেন— “আমরা মাঠে থাকব, ভোট রক্ষা করব, জনগণের সরকার প্রতিষ্ঠা করব।”

সভায় কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক চান মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক দাউদ সিকদার, বিএনপি নেতা মফিজুর রহমান পলাশ, গ্রাম আদালতের চেয়ারম্যান আউয়াল সিকদার, হযরতপুর ইউপি প্যানেল চেয়ারম্যান আলামিন টুলু, থানা বিএনপির সদস্য মো. রফিক, জাসাস আহ্বায়ক শাফায়াত হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *