দেশে সোনার দাম কমল 

 

বিশ্ববাজারে স্বর্ণের দরপতনের প্রভাব পড়েছে দেশের বাজারেও। টানা আট দফা বৃদ্ধির পর অবশেষে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (২২ অক্টোবর) রাতে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ৮ হাজার ৩৮৬ টাকা। এতে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। নতুন এই মূল্য বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, ১৯ অক্টোবর বাজুস সর্বশেষ দাম সমন্বয় করেছিল। সেদিন ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল।

চলতি বছর এ নিয়ে মোট ৬৭ বার দেশে স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৪৮ বার দাম বেড়েছে, কমেছে ১৯ বার। গত বছর ২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৩৫ বার বেড়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৭৩৫ টাকা কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭০ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ৩ হাজার ৩৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, আন্তর্জাতিক বাজারে বুধবার স্বর্ণের দাম উঠেছিল ৪,১৬১ দশমিক ১৭ ডলার পর্যন্ত। তবে ডিসেম্বর ডেলিভারির জন্য ইউএস গোল্ড ফিউচার্সের দাম ১.৯ শতাংশ কমে প্রতি আউন্সে ৪,০৩২ দশমিক ৮০ ডলারে নেমে আসে।

মার্কিন ডলার সূচকও ০.২ শতাংশ বেড়ে এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে, যা ডলারের বিপরীতে সোনাকে অন্যান্য মুদ্রাধারীদের জন্য আরও ব্যয়বহুল করে তুলেছে। এর আগের সেশনে সোনা রেকর্ড ৪,৩৮১ দশমিক ২১ ডলারে উঠলেও মঙ্গলবার একদিনেই এর দাম ৫.৩ শতাংশ কমে যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *