২৭ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে মাগুরায় কাত্যায়নী পূজা শুরু হতে যাচ্ছে। আসন্ন কাত্যায়নী পূজা–২০২৫ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মাগুরায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মাগুরা জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে জেলা পুলিশ, মাগুরা–এর আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, মাগুরা।
সভায় জেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, থানা ও ট্রাফিক বিভাগের কর্মকর্তা, গোয়েন্দা শাখার প্রতিনিধি এবং জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির সদস্যরা অংশ নেন।
পুলিশ সুপার মিনা মাহমুদা সভায় বলেন,
“আসন্ন কাত্যায়নী পূজা-২০২৫ উপলক্ষে মাগুরা জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে বা গুজব ছড়াতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি চলছে।”
তিনি আরও জানান, সাইবার ক্রাইম মনিটরিং সেল ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। এছাড়া পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সভায় পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতামত গ্রহণ করেন এবং তাঁদের প্রস্তাবনা অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন,
“পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি স্থানীয় প্রশাসন, আনসার ও কমিউনিটি পুলিশিং সদস্যদের সমন্বয়ে একটি সমন্বিত নিরাপত্তা বলয় তৈরি করা হবে। পূজা-পরবর্তী সময়েও নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) নিশাত আল নাহিয়ান, জেলার সব থানার অফিসার ইনচার্জগণ, ট্রাফিক ও গোয়েন্দা শাখার কর্মকর্তাবৃন্দ, এবং মাগুরা জেলা, উপজেলা ও পৌরসভার পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধিরা।
সভায় বক্তারা পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন কমিটির সদস্যদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।
সবশেষে পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন,
“মাগুরা জেলা সবসময়ই সম্প্রীতি ও শান্তির দৃষ্টান্ত স্থাপন করেছে। এবারও আমরা সকলে মিলে শান্তিপূর্ণভাবে কাত্যায়নী পূজা উদযাপন করব—এটাই আমাদের প্রত্যাশা।”