বঙ্গোপসাগরে নিম্নচাপ: সব সমুদ্র বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত

 

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এতে সমুদ্র উত্তাল হয়ে ওঠায় দেশের সব সমুদ্র বন্দরে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানো হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আবহাওয়া বিশেষজ্ঞ খোন্দকার হাফিজুর রহমান উল্লেখ করেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে নিম্নচাপে রূপ নিয়েছে।

নিম্নচাপটি আজ ভোর ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩২০ কিমি, কক্সবাজার থেকে ১২৪৫ কিমি, মোংলা থেকে ১৩২০ কিমি এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২৭০ কিমি দক্ষিণে অবস্থান করছিল। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিমি ভেতরে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিমি, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ কারণে কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারের প্রতি উপকূলের কাছে এসে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *