ভারতের বিজ্ঞাপন জগতের কিংবদন্তি পীয়ুষ পাণ্ডে আর নেই। ২৩ অক্টোবর বৃহস্পতিবার পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে বিজ্ঞাপনকে শুধু ব্যবসার হাতিয়ার নয়, এক ধরনের শিল্পে রূপ দিয়েছিলেন এই সৃজনশীল মানুষ।
রাজস্থানের জয়পুরে জন্ম নেওয়া পীয়ুষ পাণ্ডে প্রথম জীবনে হতে চেয়েছিলেন ক্রিকেটার। এমনকি তিনি কিছুদিন ‘টি টেস্টার’ হিসেবেও কাজ করেন। তবে পরবর্তীতে বিজ্ঞাপন জগতে প্রবেশের পর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। তাঁর প্রথম কাজ ছিল সানলাইট ডিটারজেন্টের বিজ্ঞাপন। এরপর একের পর এক বিখ্যাত ক্যাম্পেইন তাঁকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি।
২০১৪ সালে ভারতের সাধারণ নির্বাচনের সময় বিজেপির প্রচারণায় ব্যবহৃত জনপ্রিয় স্লোগান ‘আব কি বার মোদী সরকার’ এবং ‘আছে দিন আনে ওয়ালা হ্যায়’—এই দুটির রচয়িতা ছিলেন পীয়ুষ পাণ্ডে। তাঁর সৃষ্টি ফেভিকল, ফেভিকুইক, ক্যাডবেরি, ও সার্ফ এক্সেল-এর মতো ব্র্যান্ডের বিজ্ঞাপনগুলো আজও মানুষের মনে গেঁথে আছে।
পীয়ুষ পাণ্ডের জন্ম এক শিল্পপ্রেমী পরিবারে। নয় ভাইবোনের মধ্যে তাঁর ভাই প্রসূন পাণ্ডে বিজ্ঞাপন নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক, আর বোন ইলা অরুণ ভারতের জনপ্রিয় গায়িকা—যার কণ্ঠে বিখ্যাত গান ‘চোলি কে পিছে ক্যায়া হ্যায়’।
বিজ্ঞাপনের পাশাপাশি গান রচনাতেও অবদান রেখেছেন পীয়ুষ পাণ্ডে। তাঁর লেখা ‘মিলে সুর মেরা তোমারা’ গানটি ভারতীয় ঐক্যের প্রতীক হিসেবে এখনও সমান জনপ্রিয়। তিনি অভিনয়ও করেছেন—জন আব্রাহাম অভিনীত ‘মাদ্রাজ ক্যাফে’ সিনেমায় কেবিনেট সচিবের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী ও দুই পুত্রকে রেখে গেছেন। রেখে গেছেন আরও অসংখ্য সৃষ্টিশীল কাজ, যা তাঁকে এশিয়ার বিজ্ঞাপন জগতের এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্বে পরিণত করেছে।