পদত্যাগের খবর গুজব
এনসিপির সাথেই আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার পদত্যাগের খবরকে সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন। তিনি বলেন, এনসিপির সাথেই আছেন এবং সরকার গঠন পর্যন্ত দলের সঙ্গে থাকবেন।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পদত্যাগের খবর ছড়িয়ে পড়া প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এ ধরনের গুজব নিয়মিত ছড়ায়। অনেকেই অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল তথ্য ছড়িয়ে দেন। অথচ আমাদের এখন প্রয়োজন, দুর্নীতির মূল জায়গাগুলো নিয়ে সত্যিকারের অনুসন্ধানী সাংবাদিকতা।”

তিনি আরও বলেন, “আগের আমলে যেমন দুর্নীতি ছিল, বর্তমান সরকারেও সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তরে সেই ধারাবাহিকতা অব্যাহত আছে। কোথায় কীভাবে দুর্নীতি হচ্ছে—তা নিয়েই সাংবাদিকদের অনুসন্ধান করা উচিত।”

গুজব ছড়ানোর পেছনে একটি স্বার্থান্বেষী মহলের সম্পৃক্ততার অভিযোগ এনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “একটি ব্যবসায়িক গোষ্ঠীর নিজস্ব পত্রিকা ও টেলিভিশন চ্যানেল রয়েছে। সেখানে যারা সুস্থ সাংবাদিকতা করতে চান, তারাও অপসাংবাদিকতার শিকার হচ্ছেন।”

তিনি দেশে সুস্থ রাজনৈতিক চর্চা ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

এর আগে, বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং কিছু অনলাইন মাধ্যমে খবর ছড়ায় যে নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপি থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে পরে এনসিপি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টিকে গুজব বলে উল্লেখ করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *