প্রথমবারের মতো সরকারে সরকারে (জি টু জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি শুরু করেছে বাংলাদেশ।
বাংলাদেশের খাদ্য অধিদপ্তর ও যুক্তরাষ্ট্রের কৃষিবিভাগ (ইউএসডিএ)-এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।
এরই অংশ হিসেবে প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে এমভি নোরস স্ট্রিড নামের জাহাজটি শনিবার চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে পৌঁছেছে।
খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষার ফল পাওয়ার পর দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মোট গমের মধ্যে ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে বলে জানিয়েছে খাদ্য অধিদপ্তর।
এই প্রথম বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে জি টু জি চুক্তির মাধ্যমে গম আমদানি করছে, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।