শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা জরুরি: সাইফুল আলম নীরব

 

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, দেশের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষা পরিবেশ রক্ষায় শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।

শনিবার রাজধানীর নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভার সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদা বেগম।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, “আগামী নির্বাচনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার মান বজায় রাখতে হলে শিক্ষকদের নৈতিক অবস্থান শক্ত হতে হবে।”

তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ধর্মীয় বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। নীরব বলেন, “একটি গোষ্ঠী ইসলাম ধর্মকে বিকৃতভাবে উপস্থাপন করছে। রোজা ও পুজাকে একই মানে এনে বক্তব্য দিচ্ছে। নবী করিম (সা.)–এর নামে সন্তানের নাম ‘মোহাম্মদ’ রাখা আর হিন্দুদের ‘কৃষ্ণ’ নামকে একই অর্থে তুলনা করছে। এমন বক্তব্য ইসলামবিরোধী ও মুনাফেকি মনোভাবের পরিচায়ক।”

তিনি শিক্ষক সমাজ ও আলেম সমাজকে সত্য প্রচার এবং ইসলামকে বিকৃতি থেকে রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী শৃঙ্খলা, এবং সামাজিক মূল্যবোধ রক্ষায় বিভিন্ন মতামত তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *