চট্টগ্রাম বন্দরের কনটেইনার পরিচালনায় নতুন মাত্রা যোগ হয়েছে। রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) বাংলাদেশ লিমিটেড সময়ের আগেই ১০টি নতুন রাবার-টাইয়ারড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেইন গ্রহণ করেছে। এর ফলে বন্দরের মোট ক্রেইনের সংখ্যা দাঁড়িয়েছে ১৪।
চীনের জেনমা-ক্যালমার কোম্পানি তৈরি এই হাইব্রিড ক্রেইনগুলো ব্যাটারি ও ডিজেল উভয় শক্তিতে চালিত এবং একসঙ্গে ৪১ টন পর্যন্ত ওজন তোলার সক্ষমতা রাখে। প্রায় ২৫ মিলিয়ন ডলারের এই বিনিয়োগের মাধ্যমে চট্টগ্রাম বন্দর আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক বাণিজ্যিক হাবে পরিণত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
আরএসজিটি চট্টগ্রাম, যা আগে পাটেঙ্গা কনটেইনার টার্মিনাল নামে পরিচিত ছিল, ২০২৪ সালের জুন থেকে আংশিকভাবে কার্যক্রম শুরু করেছে। এটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে ২২ বছরের চুক্তির আওতায় পরিচালিত হচ্ছে।
প্রতিষ্ঠানটির সিইও এরউইন হাজে বলেন, “নতুন এই ক্রেইনগুলো চট্টগ্রাম বন্দরের উৎপাদনশীলতা, শক্তি দক্ষতা এবং পরিবেশবান্ধব পরিচালনায় নতুন মানদণ্ড তৈরি করবে।”
রেড সি গেটওয়ে টার্মিনালের সম্পূর্ণ কার্যক্রম শুরু হবে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে, যখন চারটি শিপ-টু-শোর (এসটিএস) ক্রেইন বন্দরটিতে যুক্ত হবে।