শিগগিরই সাংবাদিক সুরক্ষা আইন: তথ্য উপদেষ্টা

 

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিবাদের দোসর কিছু সাংবাদিক এখনও বিভিন্ন গণমাধ্যমে বসে অপসাংবাদিকতা করছেন। সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করবে।

রোববার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, “এন্ট্রি লেভেলে সাংবাদিকদের জন্য একটি ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করতে চায় সরকার। ১২ কিংবা ১৫ হাজার টাকার বেতন সাংবাদিকদের প্রাপ্য নয়।”

তিনি আরও বলেন, সাংবাদিকদের সঠিকভাবে বেতন ও মজুরি প্রদান না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এক্রিডিটেশন ও সরকারি সব সুবিধা বাতিল করা হবে।

অনলাইন প্ল্যাটফর্মে জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের নীতিমালা বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্তে উপনীত হবে বলেও জানান তিনি। পাশাপাশি, নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হবে বলে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা।

গুজব ও অপতথ্য রোধে সব গণমাধ্যম প্রতিষ্ঠানকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় মাহফুজ আলম বলেন, “গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে তথ্য মন্ত্রণালয়। এতে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এই কমিশন পত্রিকার সার্কুলেশন, টেলিভিশনের সম্প্রচার তদারকি করবে এবং গণমাধ্যমকর্মীদের স্বার্থ রক্ষা করবে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *