পাকিস্তানের যৌথ বাহিনী কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মিরজা শনিবার (২৫ অক্টোবর) রাতে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই পক্ষই পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
জেনারেল মিরজা বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক গভীর, এবং মানুষে-মানুষে বন্ধনও দৃঢ়। তিনি জানান, করাচি–চট্টগ্রাম সমুদ্রপথ ইতোমধ্যে চালু হয়েছে এবং শিগগিরই ঢাকা–করাচি আকাশপথও চালুর পরিকল্পনা রয়েছে।
আলোচনায় মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তা এবং ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক প্রচারণার বৈশ্বিক প্রভাব নিয়েও মতবিনিময় হয়।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “ভুয়া খবর আর বিভ্রান্তিকর তথ্য আজ সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যার মতো ছড়িয়ে পড়ছে। এতে সমাজে অস্থিরতা তৈরি হচ্ছে। এই বিপদ ঠেকাতে বিশ্বব্যাপী একসঙ্গে উদ্যোগ নিতে হবে।”
সাক্ষাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।