জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা না হলে শনির দশা আসবে: নুরুল হক নুর

 

আগামী জাতীয় নির্বাচনের আগে জাতীয় পার্টির বিষয়ে স্পষ্ট ফয়সালা হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, “জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা না হয়ে যদি নির্বাচনে যাই, তাহলে আমাদের জন্য শনির দশা অপেক্ষা করছে। এই জাতীয় পার্টির মাধ্যমেই আওয়ামী লীগ ব্যাক করবে।”

রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, “ফরিদপুর, মাদারীপুর ও খুলনাসহ যেসব এলাকা আওয়ামী লীগ অধ্যুষিত হিসেবে পরিচিত, সেখানে জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতার চেষ্টা করবে। আন্তর্জাতিকভাবে নির্বাচনকে কলঙ্কিত করারও চেষ্টা করা হতে পারে। তাই নির্বাচনের আগে জাতীয় পার্টি বিষয়ে আমাদের একটি স্পষ্ট অবস্থান নেওয়া জরুরি।”

জিএম কাদেরের সাম্প্রতিক এক বক্তব্যের সমালোচনা করে নুর বলেন, “তিনি কীভাবে এই দুঃসাহস দেখাতে পারেন—বলেন যে আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না! এই কথা বলার পরও তিনি কীভাবে ঢাকার রাজপথে তার অফিসে আসেন বা উত্তরার বাড়িতে অবস্থান করেন?”

গণঅধিকার পরিষদের এই নেতা আরও বলেন, “আমরা চাই আগামীর বাংলাদেশ গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গড়ে উঠুক—যেখানে হানাহানি, মারামারি ও বিভাজন থাকবে না। সবাই চায় নির্বাচন যথাসময়ে হোক।”

তিনি বলেন, “ছাত্র, যুবক ও তরুণরা আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন। একইভাবে অনেক রাজনৈতিক নেতাকেও প্রথমে গ্রেপ্তার করা হয়েছে। তাই নির্বাচন নিয়ে নতুন কোনো সংকট তৈরি হলে, সেটি রাজনীতিকদের জন্যই বিপর্যয় বয়ে আনবে।”

গণহত্যার বিচারের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে নুর বলেন, “গণহত্যার বিচার চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কার্যক্রমে আমরা সন্তুষ্ট। তবে নির্বাচন বিলম্বিত হলে বা নির্বাচন নিয়ে সংকট তৈরি হলে, সেটি আমাদের রাজনীতির জন্য ভয়াবহ হবে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *