
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী বাছাই করে রাখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘আমরা সমগ্র বাংলাদেশে আসনভিত্তিক একাধিক যোগ্য প্রার্থীদের সঙ্গে কথা বলেছি।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আমরা একটিই মেসেজ দিতে চাই—দলের ভেতরে ঐক্য থাকুক, জাতির ভেতরে ঐক্য থাকুক। ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। কেউ যেন বিভেদের পথে না যায়, সেই বার্তাই আমরা দিতে চাই।’
তিনি জানান, বিএনপি ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় এবং আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে সব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে একত্রিত করে বৃহত্তর রাজনৈতিক জোট গঠন করবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী জাতীয় নির্বাচনে দলীয় বিবেচনা নয়, বরং যোগ্য ও জনবান্ধব প্রার্থীদের মনোনয়ন দেওয়ার নীতি গ্রহণ করেছে বিএনপি।