
ধর্ম উপদেষ্টা ড. এ. এফ. এম. খালিদ হোসাইন বলেছেন, সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে জীবিকা অর্জনই প্রকৃত ইমানদারের পরিচয়। প্রত্যেক মানুষকেই আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে—ভালো কাজের জন্য পুরস্কৃত ও মন্দ কাজের জন্য শাস্তি ভোগ করতে হবে।
সোমবার রাজধানীর গুলশানে সীরাতুন নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ সোসাইটির শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও গণযোগাযোগ উপ-কমিটি।
ধর্ম উপদেষ্টা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করলে মানবজীবন আলোকিত হয়। তাঁর শিক্ষা ও দিকনির্দেশনা মেনে চললেই দুনিয়া ও আখিরাতে সাফল্য লাভ সম্ভব। তিনি পাপাচার ও অন্যায় কাজ থেকে দূরে থাকার আহ্বান জানান।
হালাল আয়ের গুরুত্ব তুলে ধরে ড. খালিদ হোসাইন বলেন, ইবাদত কবুলের প্রথম শর্ত হলো হালাল উপার্জন। হারাম উপার্জনে লালিত দেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি তাদের নামাজ, রোজা, হজ ও যাকাতও কবুল হবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ সোসাইটির সহ-সভাপতি আজিজুল হক ভূঁইয়া। আরও বক্তব্য রাখেন সোসাইটির সহ-সভাপতি ও উপ-কমিটির চেয়ারম্যান মীর লুৎফুল কবীর সা’দী এবং উপ-কমিটির সম্পাদক মো. আবুল কাসেম হায়দার।
অনুষ্ঠান শেষে ধর্ম উপদেষ্টা ক্যালিগ্রাফি, ইসলামিক জ্ঞান ও প্রবন্ধ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।