
হেমন্তের সন্ধ্যায় সংগীতচর্চার ধারাবাহিক আয়োজন নিয়ে আসছে বেঙ্গল পরম্পরা সংগীতালয়। আগামী শনিবার, ১ নভেম্বর সন্ধ্যা ৬টায় প্রতিষ্ঠানটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের প্রথমে সরোদ পরিবেশন করবেন ভুবন রায়, তাঁর সঙ্গে তবলায় থাকবেন প্রাণেশ বসাক। এরপর খেয়াল গেয়ে শোনাবেন জ্যোতির্ময় সাহা আদিত্য। তাঁকে তবলায় সহযোগিতা করবেন কুমার প্রতিবিম্ব এবং হারমনিয়ামে থাকবেন অপূর্ব কর্মকার।
তৃতীয় পরিবেশনায় থাকছে এসরাজ ও সারেঙ্গির যুগল বাদন। সৌমিত রায় (এসরাজ) ও নিলয় হালদার (সারেঙ্গি)-এর সঙ্গে তবলায় সংগত করবেন আপন বিশ্বাস।
সবশেষে ধ্রুপদ পরিবেশন করবেন টিংকু শীল। তাঁর সঙ্গে পাখাওয়াজে থাকবেন কুমার প্রতিবিম্ব।
আয়োজকেরা জানিয়েছেন, সংগীতপ্রেমীদের জন্য উন্মুক্ত এই আয়োজন সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে।